ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে গত একদিনে সর্বোচ্চ এক লাখ ৫২ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি জানিয়েছে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।
দক্ষিণ এশিয়ার দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬৮২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৩৮ জনের।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৪১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জন।